রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৬ পিএম

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় বাতিল করে তা পুনর্বহাল করার সিদ্ধান্তকে দেশের ইতিহাসের 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এর মাধ্যমে গণতন্ত্র আবার সঠিক ও ইতিবাচক পথে ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল সম্পূর্ণ বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি অভিযোগ করেন, ওই বাতিলের সুযোগ নিয়েই শেখ হাসিনা দেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। জামায়াতের এই নেতা উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। আদালতের আজকের সিদ্ধান্তের মাধ্যমে তার সেই দূরদর্শী প্রস্তাব আজ বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়কবিহীন বিগত নির্বাচনগুলোকে তিনি ইতিহাসে 'কলঙ্কিত' হিসেবে অভিহিত করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই রায়কে 'নিরপেক্ষ নির্বাচনের নতুন যুগের সূচনা' উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, যদি বিগত দিনের মতো নির্বাচনের কোনো পাঁয়তারা চালানো হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তা কঠোরভাবে প্রতিহত করবে। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ও কর্মীরা উপস্থিত ছিলেন।