সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী নির্বাচনে আলেম-ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:০২ পিএম

আগামী নির্বাচনে আলেম-ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম-ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও মাশায়েখের দোয়া ও সমর্থন চায়।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলন ২০২৫' অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহিব্বুল্লাহ বাকী।তারেক রহমান তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।তিনি আলেম-ওলামাদের সতর্ক করে বলেন, কোনো হীন-দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে যেন মতবিরোধ দেখা না যায়। তিনি বলেন, হীন-স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

ভিন্নমত যাতে সমাজে ফেৎনা তৈরি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। তিনি নিশ্চিত করেন, বরাবরের মতো বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার।

সম্মেলনে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর হক, মাওলানা আব্দুল কুদ্দুসসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু আলেম। এছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ অনেকে।