সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাহজাহান চৌধুরী ইস্যুতে যা বললো জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৫৬ পিএম

শাহজাহান চৌধুরী ইস্যুতে যা বললো জামায়াত

প্রশাসনকে নিয়ন্ত্রণে আনা এবং নিজ দলের কথায় ওঠানো-বসানো প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে জামায়াতে ইসলামী তার এই বক্তব্য সমর্থন করে না এবং এ ঘটনায় অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি।

রোববার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাজহাজান এই মন্তব্য করেন।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, "আমাদের আমিরে জামায়াত যদি থাকতো, তাহলে আমি বলতাম, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনি এলাকায়, প্রশাসনের যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।

তিনি আরও বলেন, "পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে, আর আপনাকে প্রোটোকল দেবে। টিএনও (ইউএনও) সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসেব যিনি প্রার্থী (জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী) তার থেকে খুঁজে বের করতে হবে।রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা মুহাম্মাদ শাজহাজান বলেন, "মাওলানা শাহজাহান চৌধুরীর ২২ নভেম্বর প্রদত্ত বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই তার বক্তব্য।

এটার ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি।"তিনি আরও বলেন, "আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন।

এদিকে, বিতর্কের মুখে রোববার সকালে মাওলানা শাহজাহান চৌধুরী একটি গণমাধ্যমে বক্তব্য দিয়ে বিষয়টি পরিস্কার করেন। তিনি দাবি করেন, তার বক্তব্যের খন্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিনি বলেন, "প্রশাসন আমাদের কথায় চলবে বলতে আমি জনগণের কথায় চলার কথা বুঝিয়েছি। আমি বুঝাতে চেয়েছি আমার দেশের প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে।" তিনি অভিযোগ করেন, যারা খন্ডিত অংশ প্রচার করে জামায়াতকে চিহ্নিত করছে তারা প্রকারান্তরে ফ্যাসিস্টদের সহযোগিতা ও উস্কানি দিচ্ছে।