নভেম্বর ৩০, ২০২৫, ১১:৩৭ পিএম
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) নাজিরপুর আলিয়া মাদ্রাসা চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাজিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইমামদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়ন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
তিনি ইমামদের দায়িত্ব প্রসঙ্গে বলেন, একজন ইমামকে নামাজ, রোজা, হজ ও জাকাত সম্পর্কে আলোচনার পাশাপাশি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি সামাজিক অপরাধ সম্পর্কে এবং আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনার জন্য জনগণকে সচেতন করে তুলতে হবে।তিনি জোর দিয়ে বলেন, এ দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে ইমামরা বাধাগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে সব বাধা উপেক্ষা করে সৎসাহসিকতার পরিচয় দিতে হবে।নবীরাও দ্বীনের বাণী প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।
নবীদের সেই দায়িত্ব এখন ওলামায়ে কেরামের ওপর ন্যস্ত। তাই বাধা-বিপত্তি উপেক্ষা করে এ দায়িত্ব আঞ্জাম দিতে হবে।"মাসুদ সাঈদী ইসলামের সোনালি যুগের ইতিহাস ফিরিয়ে আনার আহ্বান জানান, যখন সমাজ ও রাষ্ট্র পরিচালিত হতো মসজিদকে কেন্দ্র করে।তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ বেসরকারিভাবে পরিচালিত হয়ে থাকে। এসব মসজিদ কমিটি অনেক সময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করে না। তাই ইমাম-খতিবদের স্বার্থ ও সম্মান সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করতে হবে।
ইমাম সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন