সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৬:১৫ পিএম

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি জানিয়েছেন, আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, "কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইন অনুযায়ী তিনি পরবর্তীতে ভোটার হতে পারবেন। এটা যে কারও জন্য একই নিয়ম।"

এদিকে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করতে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদলিংক শেয়ার করে তিনি লেখেন:বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে রয়েছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে।

শফিকুল আলম নিশ্চিত করেছেন, নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময়ই স্বচ্ছ থেকেছে। নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ডসংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্যও মোতায়েন থাকবে।

প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ নাগরিকও একমত নন।" তার মতে, কোনো সভ্য দেশই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একটি দলকে নির্বাচনে ফিরিয়ে আনবে না। তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন না যে ক্ষমা প্রার্থনা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরতে পারে।