বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৪৪ পিএম

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত বিষয়।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে 'ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ' অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, "দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তা জানা নেই।"

বিএনপিকে জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি যে কোনো প্রভাব ফেলবে না, তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।তিনি আরও বলেন, বিএনপির ইশতেহার হবে বাস্তব পরিকল্পনার ওপর ভিত্তি করে। বিশেষত, "আমাদের বিনিয়োগ হবে ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা শুরু হলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার (১ ডিসেম্বর) বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দেবে এবং চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে।