রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:০৭ পিএম

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত চিকিৎসকরাই নেবেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিশ্চিত করে বলেছেন, "শনিবার (৬ ডিসেম্বর) কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) তাকে (খালেদা জিয়া) লন্ডনে নেওয়া হবে।

তবে তিনি উড়োজাহাজে যাত্রার জন্য শারীরিক দিক থেকে উপযুক্ত কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের ওপরই নির্ভর করবে বলে জানান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনের মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতারা অংশ নেন।

বিএনপি মহাসচিব বলেন, "বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হন।" তিনি এ সময় বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সারাদেশের মানুষের কাছে দোয়া চান।এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন জাতীয় নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের মসজিদগুলোতে জুমার নামাজের পর দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানানো হয়। জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ নেত্রীর শারীরিক অবস্থা এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিয়ে সারাদেশে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ বিরাজ করছে।