রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:৩৭ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।

রাজধানী ঢাকা সহ সারা দেশের মসজিদগুলোতে এই দোয়ায় দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষজন অংশ নেন। এছাড়াও, বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য লাভের জন্য মন্দির, গির্জা।

প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং কারাগার থেকেই তার রোগের সূচনা। তিনি চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়েছেন। তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন। বিএনপি মহাসচিব আরও জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি।

সব ঠিক থাকলে এটি শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে। তিনি উল্লেখ করেন, বেগম জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স সময়মতো দেশে না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার পূর্বনির্ধারিত সময় পিছিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শরীর যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড অনুমতি দেয়, তবে তাকে রবিবার (৭ ডিসেম্বর) বিদেশে নেওয়া হতে পারে। উল্লেখ্য, শুক্রবার সকালেই দেশে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।