রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৪৪ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

বিএনপি কর্তৃক ঘোষিত ২৭২টি জাতীয় সংসদীয় আসনের মনোনয়ন নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করে আগামী ৮ ডিসেম্বর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট। শুক্রবার (৫ ডিসেম্বর) জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে।

আগামী নির্বাচন ও যুগপৎ আন্দোলনের সঙ্গী বিএনপির ঘোষিত মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনার পর এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।

আলোচনা শেষে জোটের নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে।

এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে আগামী সোমবার ৮ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে। সংবাদ সম্মেলনের স্থান ও সময় আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে।সভায় উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতারা, যার মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুসহ অন্যান্য দলের কেন্দ্রীয় নেতারা। রাজনীতিতে এই জোটের অসন্তুষ্টি বিএনপির নির্বাচনী কৌশল এবং শরিকদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সভাশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।