ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:২৮ পিএম
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারাদেশের মতো ঢাকার কেরানীগঞ্জের রাজনৈতিক মাঠও ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জে একটি নির্বাচনী গণমিছিল আয়োজন করে।
জিনজিরার জনি টাওয়ার থেকে শুরু হওয়া এই মিছিলটি কদমতলী–হাসনাবাদ সড়ক ঘুরে ওষুধ ফ্যাক্টরি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই গণমিছিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।ঢাকা–৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম এই গণমিছিলে নেতৃত্ব দেন।
তিনি তার বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনে সারাদেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি মনে করেন, এই গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে জামায়াত জনগণের পাশেই আছে এবং তাদের সমর্থন পাচ্ছে। অধ্যক্ষ শাহীনুর ইসলাম আরও বলেন, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটানো কোনোভাবেই সম্ভব নয়। তিনি মন্তব্য করেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর পুনরাবৃত্তি সারাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
আসন্ন জাতীয় সংসদকে ‘কুরআন সংসদ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে অধ্যক্ষ শাহীনুর ইসলাম জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনগণের সমর্থন চেয়েছেন। মিছিলে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলে অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন