শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা আইন যুক্ত করবে গণঅধিকার পরিষদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৪৪ পিএম

নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা আইন যুক্ত করবে গণঅধিকার পরিষদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত একটি প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, দেশে সড়ক দুর্ঘটনার হার এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সড়কে প্রায় প্রতিদিনই বহু তাজা প্রাণ ঝরছে।

সড়ক দুর্ঘটনারোধে আমাদের দেশের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং রোড সেফটির বিষয়টি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সড়কে সবার নিরাপত্তা নিশ্চিতে একটি কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন অত্যাবশ্যক। তিনি মনে করেন, এই ধরনের আইন সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং মানুষের মূল্যবান জীবন রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।এই আইন প্রণয়নের প্রস্তাবকে তিনি স্বাগত জানান এবং বলেন, এটিকে ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম এবং অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলাম প্রমুখ আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবনাপত্র গণঅধিকার পরিষদের সভাপতির হাতে তুলে দেন। এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়কে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারই প্রতিফলিত হয়।