সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০১:০৯ পিএম

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ঘোষণার মাধ্যমে দলটি একটি চমক দিয়েছে। কারণ, আগেকার অবস্থান থেকে সরে এসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনেও প্রার্থী দিয়েছে এনসিপি।

দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে এনসিপির মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটি থেকে বিএনপি তাদের সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।

এছাড়া, এই গুরুত্বপূর্ণ আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন অ্যাডভোকেট মইনুল আলম। ফলে এই আসনে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই মনোনয়ন ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেছিলেন যে, খালেদা জিয়ার আসনে দলটি কোনো প্রার্থী দেবে না। কিন্তু চূড়ান্ত তালিকায় এই আসনটিতেও প্রার্থী দেওয়ায় এনসিপির নীতিগত অবস্থানে পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।