ডিসেম্বর ১২, ২০২৫, ০৮:১০ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৭২ বছর বয়সী এই বরেণ্য আলেমে দ্বীন ও রাজনীতিক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতে ভুগতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজা আজ এশার নামাজের পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে তাকে নেককিড়ি কবরস্থানে দাফন করা হবে।মাওলানা হেলালুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন,মাওলানা হেলালুদ্দিন ছিলেন ইলম-আমল, নৈতিকতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইসলামী শিক্ষা বিস্তার, দাওয়াত, তাশকিল এবং ইসলামী রাজনীতির অঙ্গনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে সততা, নিষ্ঠা ও সাদামাটা জীবনের অনন্য উদাহরণ রেখে গেছেন; তা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মরহুমের ইন্তেকালে তারা একজন প্রকৃত আলেমে-দ্বীন, অভিজ্ঞ মুরব্বি ও আদর্শবান শিক্ষকের শূন্যতা অনুভব করছেন, যা সহজে পূরণ হবার নয়। তারা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করার জন্য এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সবরে জামিল (ধৈর্য) দান করার জন্য দোয়া করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন