ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:০৮ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মী ও বিরোধী মতের প্রার্থীদের ওপর গুপ্ত হামলা ক্রমশ বাড়ছে।
শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয় এবং তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রিজভী বলেন,একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী এই হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।”তিনি এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করে আহত করার ঘটনারও উল্লেখ করেন।বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই বিএনপি আজ সারা দেশে বিক্ষোভ করবে।
ঘোষণা অনুযায়ী, ১৩ ডিসেম্বর (আজ শনিবার) ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গসংগঠন প্রতিবাদী বিক্ষোভ মিছিল করবে।এই হামলার বিষয়ে ডিএমপি কমিশনার ইতোমধ্যে জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। এদিকে, আহত ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন