রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুলিবিদ্ধ হাদি: আইসিইউতে চলছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:১২ এএম

গুলিবিদ্ধ হাদি: আইসিইউতে চলছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রেখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার শেষে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা: জাহিদ রায়হান হাদির সবশেষ অবস্থা সম্পর্কে বলেন,হাদির কন্ডিশন খুবই খারাপ।

ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। তবে হাসপাতালে নিয়ে আসার পরও তার ‘সাইন অফ লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল। অপারেশন চলার সময়েও আমাদের এনেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন, উনার হাদির নিজস্ব শ্বাস-প্রশ্বাসের শক্তি (এফোর্ট) আছে।”ডা. জাহিদ রায়হান জানান, অস্ত্রোপচার চলাকালে ওসমান হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।উনার নাক দিয়ে মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলব না। তবে উনি এখনও বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।

চিকিৎসকরা ধরে নিয়েছেন, ওসমান হাদির মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট (অংশ) মস্তিষ্কের ভেতরে থেকে গেছে, যা অত্যন্ত সংবেদনশীল (মগজের সেন্টার পয়েন্টে) জায়গায় রয়েছে। অপারেশন করে কিছু ছোট ছোট ফ্রেগমেন্ট সংগ্রহ করা হয়েছে।

উন্নত ও নিরবচ্ছিন্ন আইসিইউ সাপোর্টের জন্যই ওসমান হাদির স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে চেয়েছেন বলে ডা. জাহিদ নিশ্চিত করেন।