সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৮ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ফুলের চাক ভেঙে ফেলা হয়েছে এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় মহিলাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল সদর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার তার অনুসারীদের নিয়ে বিএনপির ব্যানারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করার সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে যান। এসময় সরোয়ার ও শিরিন সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নাসরিন সমর্থকদের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মারমুখী হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় সরোয়ার সমর্থিত নেতাকর্মীরা নাসরিন সমর্থিত নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের চাক ভেঙে ফেলে।মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন অভিযোগ করে বলেন, শহীদ বেদীতে ফুল দিতে গেলে বরিশাল সদর ৫ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থীর সামনে তাকে হেনস্তা করা হয় এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন বলেন,অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে আমরা চলে এসেছি। এরপর ওখানে কী ঘটেছে তা আমি জানি না। তবে দলীয় নিয়ম শৃঙ্খলা বিনষ্ট করে ও সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনীতি করা কারো উচিত নয়।”