ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:৩২ এএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি এই শোকবার্তা প্রদান করেন।
আল্লামা আব্দুল বাসিত আজাদ শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন:শরিফ ওসমান হাদি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর এই অকাল প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।খেলাফত মজলিসের আমির উল্লেখ করেন যে, হাদির মতো নির্ভীক তরুণরাই একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাতেন। তাঁর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া মানেই বিপ্লবের স্পৃহাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে দেশের আলেম সমাজ এবং বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশের হিড়িক পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন