ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৫৬ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন বীর। একজন হাদিকে হত্যা করে জুলাই এবং আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তা পরিবর্তন করে দেওয়া যাবে না।
যারা এমনটা মনে করছেন, তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বাস করছেন। শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ দেখে হত্যাকারীদের বোঝা উচিত তারা কত বড় ভুল করেছে।
যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে রাজপথ থেকে সরানো যায় না। জুলাই যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না। তিনি আরও উল্লেখ করেন, হাদি সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েমের স্বপ্ন দেখতেন এবং তার বীরত্বের কাছে আধিপত্যবাদী গোষ্ঠী হেরে গেছে।বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদের প্রত্যেককে শাহাদাতের সুধা পান করতে হয়েছে। হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে অসংখ্য হাদির আবির্ভাব ঘটবে এবং তরুণ প্রজন্ম দেশকে আধিপত্যমুক্ত করবেই।
সভায় ডাকসুর সাবেক ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, “শহীদ শরিফ ওসমান হাদি আজ বাংলাদেশের প্রতিটি তরুণ বিপ্লবীর জন্য প্রেরণার বাতিঘর। আমাদের প্রত্যেককে ইনসাফ কায়েমে একেকজন হাদি হয়ে গড়ে উঠতে হবে।ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাগপা সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন এবং শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, গত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আগামীতে শহীদ হাদির দেখানো পথে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন