ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:৩২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে গাবতলী ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পৃথকভাবে এই মনোনয়নপত্র উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ।
এর আগে রোববারও জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে একবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে প্রিয় নেত্রীর এই অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
সোমবার বেলা ২টার দিকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
সেখানে তারা বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের আগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলা থেকেও একই প্রক্রিয়ায় তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।বগুড়া-৭ আসনটি দীর্ঘকাল ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এবং এখান থেকে অতীতে একাধিকবার বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে তার প্রার্থিতা নিশ্চিত করার মাধ্যমে এই অঞ্চলে ধানের শীষের জোয়ার তৈরি হবে। নির্বাচনি সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের জানান যে দেশনেত্রীর আইনি জটিলতা নিরসন হওয়ার পর এবার তিনি সরাসরি জনগণের রায়ে সংসদে ফিরবেন বলে তারা বিশ্বাস করেন। নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন বিএনপির প্রতিনিধি দল। বগুড়ার এই আসনটি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে এখন বাড়তি কৌতূহল কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন