ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:১২ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় সৃষ্ট হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ঘটনার সূত্রপাত হয় সোমবার, যখন নবগঠিত 'বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'-এর কমিটির সদস্যদের নিয়ে ইশরাক হোসেন শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে যান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। শ্রদ্ধা নিবেদনের সময় ভিডিওতে দেখা যায়, ফ্রেম ও অবস্থানের সিরিয়াল ঠিক করা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বেশ হুড়োহুড়ি হচ্ছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে লেখেন, প্রোটোকল অনুযায়ী প্রধান অতিথি ও বিশেষ অতিথির পাশে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের অবস্থানের কথা ছিল। নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম ও অতি-আগ্রহের কারণে শৃঙ্খলা বজায় রাখতে এবং কেন্দ্রীয় নেতাদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয়েছিল। তিনি আরও যোগ করেন, "ভিডিও দেখে কেউ মনঃকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
ইশরাক তার পোস্টে আরও উল্লেখ করেন যে, বর্তমানে 'মুক্তিযুদ্ধের প্রজন্ম' সংগঠনটির ওপর অনেক বড় দায়িত্ব। একদিকে বাংলাদেশের প্রকৃত গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, অন্যদিকে যারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মনে-প্রাণে স্বীকার করেনি তাদের আস্ফালন রুখে দেওয়া। এই লক্ষ্য অর্জনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন