ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:০৩ পিএম
দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় রানওয়ে থেকে ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে অবতরণের পর তারা সরাসরি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’-য় প্রবেশ করেন।
সেখানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। দীর্ঘ প্রবাস জীবনের পর নিজ দেশের মাটিতে নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।দলীয় সূত্র অনুসারে, রজনীগন্ধা লাউঞ্জে প্রায় ২০ মিনিট অবস্থান করবেন তারেক রহমান। সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত কৌশল বিনিময় শেষে তিনি সড়কপথে বিমানবন্দরের বাইরের উদ্দেশে রওনা দেবেন।বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখ লাখ নেতাকর্মীর অভিবাদন গ্রহণ করবেন তিনি।
এরপর তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট) সড়কে নির্মিত বিশাল সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেবেন এবং তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাথে কথা বলবেন। দীর্ঘ ১৭ বছর পর মা ও ছেলের এই পুনর্মিলনই আজ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। হাসপাতাল থেকে ফেরার পর তিনি গুলশানের বাসভবনে উঠবেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন