রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৩০ পিএম

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। রোববার সকাল থেকেই আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনের কারণে সময় কিছুটা পিছিয়ে দুপুর ২টা থেকে মূল অবরোধ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।হাদি হত্যার বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই সরব রয়েছে ইনকিলাব মঞ্চসহ সাধারণ ছাত্র-জনতা।

গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে ফেরার পথে শরিফ হাদিকে লক্ষ্য করে গুলি চালায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছে ইনকিলাব মঞ্চ।পুলিশ ইতিমধ্যে জানিয়েছে যে মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন, যা আন্দোলনকারীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার করেছে।

শাহবাগে অবস্থানরত নেতা-কর্মীরা বলছেন যে খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সংহতি প্রকাশ করে অংশ নিচ্ছেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। অবরোধের ফলে তীব্র যানজটে জনভোগান্তি বাড়লেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।