ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৩৪ পিএম
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে পৌনে দুইটার দিকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। দীর্ঘ ১৭ বছর পর দলীয় এই কার্যালয়ে তাঁর পদার্পণকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এখন থেকে তিনি এই কার্যালয় থেকেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তারেক রহমানের জন্য কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখানে তিনি নিয়মিত অফিস করবেন।
এর আগে আজ সকালেই তাঁর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের পাশাপাশি তাঁর নিজের জেলা বগুড়া-৬ (সদর) আসন থেকেও তিনি প্রার্থী হচ্ছেন। রোববার বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এই আসনটি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তারেক রহমান আজ গুলশান কার্যালয়ে পৌঁছালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন এবং কক্ষটি পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করা এবং দেশব্যাপী দলীয় প্রচারণার কৌশল নির্ধারণে তিনি এই কার্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করবেন। তারেক রহমানের দেশে ফেরা এবং সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে এক নতুন প্রাণসঞ্চার করেছে। এখন থেকে নিয়মিত গুলশান কার্যালয়ে তাঁর উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন