সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবি পার্টির মঞ্জুকে ‘ফেনী-২’ আসন ছেড়ে দিল জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:৪৩ পিএম

এবি পার্টির মঞ্জুকে ‘ফেনী-২’ আসন ছেড়ে দিল জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনটি আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এর ফলে এই আসনে জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ঘোষণার পরই বিষয়টি স্পষ্ট হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর লিয়াকত আলী ভূঁইয়ার কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রিয় নেতাকে সরিয়ে এবি পার্টির চেয়ারম্যানকে আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এ বিষয়ে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয়। বিপদে-আপদে তিনি সব সময় মানুষের পাশে থাকতেন। তাকে প্রত্যাহার করে নেওয়ায় সমর্থকরা কিছুটা হতাশ হওয়া স্বাভাবিক।তবে তিনি যোগ করেন, “আমরা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে বৃহত্তর ঐক্যের জন্য চরম আনুগত্যের নজির পেশ করব।

ফেনী-২ আসনে মজিবুর রহমান মঞ্জুর প্রার্থিতা নিশ্চিত হওয়ায় এখানে জোটের ভোট ব্যাংক সংহত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তৃণমূল জামায়াত কর্মীদের এই মানভঞ্জন করে ভোটের মাঠে একাত্ম করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, মজিবুর রহমান মঞ্জু একসময় জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের শীর্ষ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি নতুন রাজনৈতিক দল এবি পার্টি গঠন করেন। এবার জোটের প্রার্থী হিসেবে তিনি নিজের পুরোনো ভোট ব্যাংক ও নতুন রাজনৈতিক পরিচয়ের মিশেলে জয়ের আশা করছেন।