সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:৫৯ পিএম

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এটিই হবে কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে গুলশানের বাসভবন থেকে তিনি সরাসরি নয়াপল্টনের উদ্দেশে রওনা দেবেন।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি আজ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সোমবার সকাল থেকেই র‍্যাবের ডগ স্কোয়াড টিম কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি বা সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।নেতার আগমনের খবরে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

তারা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রেখেছেন। নেতাকর্মীদের মতে, তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয় আজ পূর্ণ প্রাণ ফিরে পাবে।উল্লেখ্য, গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছিলেন তারেক রহমান। আজ নয়াপল্টনে তাঁর এই উপস্থিতিকে কেন্দ্র করে দেশব্যাপী দলীয় কর্মীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।