ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৫৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ১০ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা অনুযায়ী, এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াত ও এনসিপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে, জোটের বৃহত্তর স্বার্থে ঢাকা-১৩ আসন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আকরাম হোসাইন।
জামায়াত নেতা মোবারক হোসাইন এক ফেসবুক স্ট্যাটাসে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, সংগঠনের সিদ্ধান্ত মেনে আমি প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হককে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানাচ্ছি।
ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ববি হাজ্জাজ। উল্লেখ্য, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত ২৪ ডিসেম্বর নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে এই আসন থেকে লড়ছেন।মোহাম্মদপুর ও আদাবর এলাকা ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জামায়াতের শক্তিশালী ভোটব্যাংক একীভূত হওয়ায় এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে, বিএনপির ববি হাজ্জাজও নিজের ইমেজ ও দলীয় শক্তির ওপর ভর করে জয়ের ব্যাপারে আশাবাদী।আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই আসন সমঝোতা ১০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন