রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার

রবিউল এহ্সান রিপন

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২২ পিএম

মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ে দেখা গেছে এক ভিন্নধর্মী ও ব্যতিক্রমী চিত্র। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ ভ্যানে চড়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় মো. দেলাওয়ার হোসেন বলেন। 

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তবে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচন দেখতে পাবে। আমরা সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা করছি। এ সময় তিনি ভোটারদের প্রতি তাঁর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার আহ্বান জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সদর আসনে (ঠাকুরগাঁও-১) ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।