রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়নপত্র দাখিল করলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৫৬ পিএম

মনোনয়নপত্র দাখিল করলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে

পিরোজপুরের রাজপথে আবারও সাঈদী পরিবারের রাজনৈতিক উত্তাপ ফিরেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের দুটি গুরুত্বপূর্ণ আসনে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু সাইদ-এর কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেজো ছেলে মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-জিয়ানগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় ছেলে শামীম সাঈদী।

মনোনয়নপত্র দাখিলের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ দলের জেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।পিরোজপুর-১ আসনটি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর এক সময়ের শক্ত ঘাঁটি ছিল, যেখান থেকে তিনি টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার এই আসনে মাসুদ সাঈদীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

অন্যদিকে, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদীর বিরুদ্ধে লড়বেন বিএনপির আহমেদ সোহেল মঞ্জুরসহ আরও ৪ জন প্রার্থী। স্থানীয় বিশ্লেষকদের মতে, এই দুটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মধ্যে, যা দীর্ঘকাল পর একটি নতুন রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।সাঈদীপুত্রদের এই অংশগ্রহণ পিরোজপুরসহ সারা দেশের জামায়াত-শিবির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।