বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মায়ের বিদায়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০২:৪৩ পিএম

মায়ের বিদায়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোকাহত হয়ে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তাঁর পরিবার ও মায়ের প্রতি দেশবাসীর অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা।

আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।তিনি আরও যোগ করেন, মা খালেদা জিয়া ছিলেন তাঁর পরিবারের ‘আলোকবর্তিকা’।

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। তাঁর অপরিসীম ভালোবাসা কঠিন সময়েও পরিবারকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।তারেক রহমান উল্লেখ করেন যে, খালেদা জিয়া দেশের জন্য তাঁর স্বামী ও সন্তানকে হারিয়েছেন। দেশের মানুষই ছিল তাঁর পরিবার এবং অস্তিত্ব। তিনি বলেন, তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।

সবশেষে তারেক রহমান সকলের কাছে বিনম্র অনুরোধ জানিয়ে লেখেন, আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।”আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এই দেশনেত্রী। তাঁর প্রয়াণে সারা দেশে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।