ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:০৪ পিএম
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক জানান।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
মারা যাওয়া নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল (ধৈর্য ধারণের শক্তি) দান করুন। আমিন।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই দেশনেত্রী। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে জামায়াতে ইসলামীর সঙ্গে তাঁর দলের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা ছিল। তাঁর প্রয়াণে জামায়াত আমিরের এই শোকবার্তা রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।
উল্লেখ্য, লিভার সিরোসিস, হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে চিরবিদায় নেন তিনি। তাঁর মৃত্যুতে সারা দেশে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন