ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৪৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক নেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খোলা বিশেষ শোক বইয়ে সশরীরে উপস্থিত হয়ে তারা স্বাক্ষর করছেন।
শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এরপর পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা কার্যালয়ে এসে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল জানান, বিদেশি প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্রের সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
কূটনীতিকদের পাশাপাশি বিএনপির শরিক দলের শীর্ষ নেতারাও শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ৯টা পর্যন্ত স্বাক্ষর কার্যক্রম চলবে।
যারা আজ আসতে পারেননি, তাদের জন্য আগামী দুই দিনও (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) নির্দিষ্ট সময়ে শোক বই খোলা রাখা হবে।এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন