বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হলফনামায় যেসব সম্পদের তথ্য দিলেন সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৪৮ এএম

হলফনামায় যেসব সম্পদের তথ্য দিলেন সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ খতিয়ান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গত সোমবার (২৯ ডিসেম্বর) পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ছাত্র আন্দোলনের এই নেতার নামে বর্তমানে কোনো বাড়ি, গাড়ি বা বিলাসদ্রব্য নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমাকৃত অর্থের পরিমাণ মাত্র ১ লাখ টাকা। তাঁর নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো বিনিয়োগ নেই।

স্থাবর সম্পদের তালিকায় সারজিস আলমের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা বাণিজ্যিক ভবন নেই। তবে তাঁর নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় দলিলে মূল্য ছিল মাত্র ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে বাজারমূল্য অনুযায়ী ৫ লাখ টাকা ধরা হয়েছে।সারজিস আলম তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির কথা উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী এই নেতা ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা।

তবে ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর মোট আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী তাঁর মোট সম্পদের নিট মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা এবং তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।হলফনামায় আরও জানানো হয়েছে, সারজিস আলমের ব্যবহারের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য যথাক্রমে ৭৫ হাজার টাকা করে। তাঁর কোনো নিজস্ব আগ্নেয়াস্ত্র নেই। বর্তমানে তাঁর নামে একটি মামলা রয়েছে, যা তদন্তাধীন পর্যায়ে আছে।

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির ইকবাল হোসাইন তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে সারজিসকে সমর্থন জানিয়েছেন।