রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:৩১ এএম

জাতীয় পার্টির মনোনয়নের বৈধতার ক্ষেত্রে আখতারের আপত্তি

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তোলার সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে (জাপা) আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় তীব্র আপত্তি জানিয়ে তিনি এই দাবি তোলেন।

আখতার হোসেন সাংবাদিকদের বলেন, বিগত ১৬ বছর যে স্বৈরাচার চেপে বসেছিল, তা একা তৈরি হয়নি। জাতীয় পার্টি সেই স্বৈরাচারকে বৈধতা দিয়েছে এবং টিকিয়ে রাখার সব ব্যবস্থা করেছে।

জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে রক্ত দিয়েছি, তারা কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদীদের রাজনৈতিক পুনর্বাসন দেখতে চাই না।

 তিনি অভিযোগ করেন, আইনের ফাঁক-ফোকর ব্যবহার করে জাপার প্রার্থীদের বৈধতা দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে আইনি লড়াই করার ঘোষণাও দেন তিনি।অন্যদিকে, জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে আখতার হোসেন জানান, সংস্কার বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বার্থে এনসিপি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট একত্রে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আসন বিন্যাস নিয়ে আলোচনা বর্তমানে চলমান রয়েছে এবং খুব দ্রুতই তা চূড়ান্ত করা হবে।

এনসিপির এই আপত্তির বিষয়ে রংপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান বলেন, “কে কোথায় মামলা করেছে তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে। দাপ্তরিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন, তাই এটি নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই।” এই ঘটনাকে কেন্দ্র করে রংপুরের নির্বাচনী মাঠে এনসিপি ও জাতীয় পার্টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।