বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩৫ পিএম

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর জামায়াতের একটি প্রতিনিধিদল ডা. শফিকুর রহমানের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছিল।

এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিএনপির স্থানীয় সংগঠক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ বলে গৃহীত হয়েছে।

ঢাকা-১৫ আসনে হেভিওয়েট এই দুই প্রার্থীর পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন—বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহমেদ সাজেদুল হক রুবেল, গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. শামসুল হক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আশফাকুর রহমান।

এছাড়া জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এই আসনে এখন পর্যন্ত ৯ জন প্রার্থীর মনোনয়ন টিকে রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমিরে জামায়াতের মনোনয়ন বৈধ হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।