রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ষড়যন্ত্রের হাত থেকে নতুন বাংলাদেশকে রক্ষার আহ্বান জামায়াত আমীরের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

ষড়যন্ত্রের হাত থেকে নতুন বাংলাদেশকে রক্ষার আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো বিশেষ গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অভিমত প্রকাশ করা হয়।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি। প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন এবং রাজনৈতিক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

বৈঠকে বলা হয়, ১৬ বছরের স্বৈরশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটেছে দেড় হাজার শহীদ এবং ত্রিশ হাজারেরও বেশি মানুষের পঙ্গুত্ববরণের বিনিময়ে। এই মহান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে কোনোভাবেই ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।