জানুয়ারি ৬, ২০২৬, ০১:৩৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম ছাত্রদলের উদ্দেশে লেখেন জকসু নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে হতে দিন। তিনি বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ করেন। তিনি বলেন জবি শিক্ষার্থীরা বিজয়ী হোক।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক লিয়াজোঁ বা ইউটিএল। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
তিনি বলেন আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। তবে নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আপত্তিকর ভোটার স্লিপ পাওয়া গেছে। শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ওই নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।
ড. বিলাল হোসাইন আরও বলেন ভোটার স্লিপ একটি সংবেদনশীল ও নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা। এটি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন