জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৩৪ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে গুলশান থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী নির্বাচনের কৌশল, কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয় এবং নির্বাচনী প্রচারণার রূপরেখা নিয়ে কথা হয়।
ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। স্থানীয় নেতৃত্বের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এবং গুলশান থানা বিএনপির সদস্য সচিব মো. শাহজাহান উপস্থিত থেকে তৃণমূলের পরিস্থিতি তুলে ধরেন।
দলীয় হাইকমান্ডের সঙ্গে এই মতবিনিময় সভায় মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাতুল মিরাজসহ গুলশান থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।যে ঢাকা-১৭ আসনটি বিএনপির জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এখান থেকেই সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ফলে এই আসনের সাংগঠনিক তৎপরতা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন