বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৫:৩৮ পিএম

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য পাওয়া গেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে তদন্তে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের সময়কার আরও একটি নতুন সিসিটিভি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‍্যশৈনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নতুন একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এতে শুটারদের চেহারা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে।

এই ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।” পুলিশ ধারণা করছে, খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।এদিকে, হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় জড়ো হয়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় নিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন সাবেক এই ছাত্রনেতা। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধ বা স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ সব দিক বিবেচনা করেই তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।