জানুয়ারি ৯, ২০২৬, ১০:৪০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তন এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির শীর্ষ পদটি শূন্য হয়ে যায়। দলের গঠনতন্ত্র অনুযায়ী, এই সংকটকালীন সময়ে নেতৃত্ব নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।
সেই পরিপ্রেক্ষিতেই শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।সভায় দলের জ্যেষ্ঠ নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
বৈঠকের এক পর্যায়ে গঠনতন্ত্রের বিধি মোতাবেক শূন্য পদে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়। উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন।এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান এখন দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হলেন।

দলের নেতাকর্মীরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে।বৈঠক শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। তবে দলের মহাসচিব বা মুখপাত্র পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন