জানুয়ারি ১২, ২০২৬, ০৩:০৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে উভয় পক্ষ ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী এবং টেকসই করতে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানো।
ইইউ প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানকে আশ্বাস প্রদান করেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল সক্রিয়ভাবে কাজ করবে। ইইউ প্রতিনিধিরা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন