বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৫:২৯ পিএম

আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের আসন সমঝোতার বিষয়ে আগামী কাল (মঙ্গলবার) বা পরশুর মধ্যেই চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা সবার সামনে একসঙ্গে বসবো এবং সাংবাদিকদের দাওয়াত দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবো।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করার চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।

জামায়াত আমির জানান, ইইউ প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে, এবারের নির্বাচনে তাদের পক্ষ থেকে ২০০ জন পর্যবেক্ষক সারা দেশের জেলা ও সিটি কর্পোরেশন এলাকাগুলোতে নিয়োজিত থাকবেন।ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি সম্পর্কে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। বিশ্বের সব সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। প্রতিবেশীদের সঙ্গেও পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা হবে।” তিনি আরও জানান, দেশের যুবশক্তি জামায়াতের ওপর আস্থা রাখছে এবং মা-বোনদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় তার দল বদ্ধপরিকর।

বিশেষ করে নির্বাচনী প্রচারণায় নারীদের হিজাব খুলে নেওয়ার মতো ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।নির্বাচন-পরবর্তী পরিকল্পনা নিয়ে ডা. শফিকুর রহমান এক যুগান্তকারী প্রস্তাব দেন। তিনি বলেন, নির্বাচনের পরপরই অংশগ্রহণকারী সব দল যদি খোলামনে দেশের স্থিতিশীলতার জন্য বসতে পারে, তবে ৫৪ বছরের অপরাজনীতির অবসান ঘটবে। তবে এর জন্য তিনি তিনটি প্রধান শর্ত দেন: ১. কোনো দল দুর্নীতি করবে না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ২. বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত। ৩. সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা বিগত শাসনের দোসর হিসেবে কাজ করেছেন, তারা নিজেদের শুধরে না নিলে তাদের বদলাতে বাধ্য করা হবে। দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির।