রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে ২০ আসন পেল খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২৬, ১২:১২ এএম

যে ২০ আসন পেল খেলাফত মজলিস

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার পর মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য নির্ধারিত ২০টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের ২৫৩টি আসনের প্রার্থী ঘোষণার সময় এই তথ্য নিশ্চিত করা হয়।জোটের অন্যতম শক্তিশালী শরিক হিসেবে মামুনুল হকের দল দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দলীয় সূত্র ও জোটের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ খেলাফত মজলিস যে ২০টি আসন পেয়েছে সেগুলো হলো— ঢাকা-১৩, চট্টগ্রাম-৫, সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোনা-১, কিশোরগঞ্জ-১ ও ৩, মানিকগঞ্জ-৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২ ও ৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১ এবং রাঙামাটি।

এই আসনগুলোর মধ্যে ঢাকা-১৩ এবং চট্টগ্রাম-৫ আসন দুটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট বিভাগের বেশ কিছু আসনে খেলাফত মজলিসের নিজস্ব ভোটব্যাংক ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। জোটের নেতারা জানিয়েছেন, ‘এক আসনে এক প্রার্থী’ নীতি অনুসরণ করে এই আসনগুলোতে জোটের অন্যান্য শরিকরা মামুনুল হকের মনোনীত প্রার্থীকে পূর্ণ সমর্থন দেবে।

ইতিমধ্যেই এসব আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। জোটবদ্ধ নির্বাচনের ফলে এই আসনগুলোতে ইসলামপন্থী ও সমমনা ভোটারদের ভোট একীভূত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ইনসাফ কায়েমের লক্ষ্যেই তারা এই ২০টি আসনে জোটের শক্তি হিসেবে লড়াই করবেন।