বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৯ এএম

৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সমঝোতায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দলটির শীর্ষ নেতারা অভিযোগ তুলেছেন যে আসন সংখ্যা বা ভাগাভাগি তাদের কাছে মূল সমস্যা ছিল না বরং জামায়াতের নীতিগত অবস্থান এবং ওয়ান বক্স পলিসি হাইজ্যাক করার অপচেষ্টাই এই সংকটের মূল কারণ।

 শুক্রবার কুয়াকাটায় অবস্থানরত ইসলামী আন্দোলনের নেতা মুফতি হাবিবুর রহমান মিসবাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। 

যেখানে তিনি দাবি করেছেন জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যকার এই দূরত্ব কেবল নির্বাচনি আসনের জন্য নয় বরং এর গভীরে রয়েছে গভীর আদর্শিক এবং কৌশলগত মতপার্থক্য।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পীর সাহেব চরমোনাই ইসলামী শক্তিগুলোকে এক করার জন্য যে সমঝোতার ফর্মুলা দিয়েছিলেন জামায়াত সেটিকে কেবল একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে। সমঝোতার শুরুতে আকীদা ও শরয়ি বিষয়ে স্পষ্ট অবস্থানের আহ্বান জানানো হলেও জামায়াত আমীর তাতে ইতিবাচক সাড়া দেননি বলে দাবি করা হয়েছে। মুফতি মিসবাহ তাঁর পোস্টে উল্লেখ করেন।

ইসলামী আন্দোলন যেখানে নীতি ও শরিয়াহ বাস্তবায়নে ইবাদতের রাজনীতি প্রতিষ্ঠার স্বপ্ন দেখে সেখানে জামায়াত আমীর নারী-পুরুষের বৈষম্য দূর করার নামে শরিয়াহর পরিপন্থী কাজ করছেন। বিশেষ করে পুরুষদের সরিয়ে নারীদের সঙ্গে সেলফি তোলাকে উদাহরণ হিসেবে টেনে তিনি একে আল্লাহর বিধানের অবমাননা বলে মন্তব্য করেছেন।আসন বণ্টনের ক্ষেত্রেও জামায়াতের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন। দলটির দাবি তাদের চাহিদাসম্পন্ন আসনগুলোর অধিকাংশ জামায়াত নিজেদের এবং জোটের নতুন শরিক এনসিপির জন্য বরাদ্দ রেখেছে। 

ইসলামী আন্দোলনের জন্য যে ৪০ থেকে ৪৫টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে জামায়াতের পর্যাপ্ত ভোটব্যাংক নেই যা দিয়ে জয় নিশ্চিত করা সম্ভব। অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ইসলামী আন্দোলনের রাজনীতি সংকুচিত করার একটি নীলনকশা বাস্তবায়ন করছে জামায়াত। পীর সাহেব চরমোনাই আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ধৈর্য ধরার কথা বললেও জামায়াতের পক্ষ থেকে যখন জানানো হয়েছে যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত সংবিধান বদলাবে না এবং শরিয়াহ আইনও করবে না তখন সমঝোতার মূল ভিত্তিটিই ভেঙে পড়ে।

এই রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের শীর্ষ মুরুব্বীদের দ্বারস্থ হয়েছে এবং আজ শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনেই তারা জোট থেকে বেরিয়ে আসা বা এককভাবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। অতীত রাজনীতির উদাহরণ টেনে দলটির নেতারা বলছেন ২০০১ সালেও তারা নীতির প্রশ্নে আপস না করে জোট থেকে দূরে ছিলেন। জামায়াত এখন ইসলামী আন্দোলনকে বিএনপির দালাল বলে যে বয়ান তৈরির চেষ্টা করছে তাকে তারা চরম দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়েছেন। স্বার্থের দ্বন্দ্বে গত বছরের মহাসমাবেশে দেওয়া ঐক্যের মহাকাণ্ডারী উপাধি কীভাবে রাতারাতি বদলে যায় তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও কৌতূহল চলছে।