জানুয়ারি ১৯, ২০২৬, ১০:২০ এএম
রাজধানীর গুলশানে গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে এক মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যাওয়ার এক রহস্যজনক ঘটনা ঘটেছে। ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গুলশান থানায় একটি জিডি দায়ের করে তদন্ত শুরু করেছে।
পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, গত বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।
তারেক রহমান তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে একটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ গাড়িবহরের ভেতরে ঢুকে তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে একটি কাগজ বা খাম টেপ দিয়ে সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যান। মোটরসাইকেল চালক আমেরিকান ক্লাবের দিকে চলে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তবে ফুটেজের মান ভালো না হওয়ায় এবং মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালকের পরিচয় বা মোটরসাইকেলের নম্বর স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই খামে কী লেখা ছিল বা এর ভেতরে কী ছিল, তা এখনও জানা যায়নি। খামটি বর্তমানে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ-এর হেফাজতে রয়েছে এবং তারা সেটি পুলিশের কাছে হস্তান্তর করেনি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, "আমরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চালককে শনাক্তের চেষ্টা করছি। কেন এবং কী উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।" এই ঘটনাটি তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন