শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৮ এএম

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতসহ তিন দফা দাবিতে আজ সোমবার (১৯ জানুয়ারি) আবারও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা ১১টা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।এর আগে রোববার (১৮ জানুয়ারি) দিনভর ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। 

সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব জানান, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন। প্রতিনিধি দলে সভাপতির পাশাপাশি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ তিন নেতা উপস্থিত ছিলেন। 

বৈঠকে তারা পোস্টাল ব্যালটের অপব্যবহার এবং নির্বাচনী এলাকায় একটি বিশেষ মহলের ‍‍`মব‍‍` সৃষ্টির পায়তারা নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। কমিশন তাদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আজ ফের ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে বা পরে যদি কোনো গোষ্ঠী মব তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তবে ছাত্রদল তা দাঁতভাঙা জবাব দেবে।

 বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ বা শাকসু নির্বাচন নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট করেন যে, ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিরোধী নয়, বরং স্বচ্ছ ও প্রভাবমুক্ত ভোট চায়। আজ বেলা ১১টা থেকে আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হতে শুরু করেছেন।