বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা:মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৪:০২ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা:মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপির জন্য এক বিশাল এবং কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ। বাংলাদেশ কি একটি উদার গণতান্ত্রিক শক্তির হাতে থাকবে নাকি কোনো উগ্রপন্থি ও রাষ্ট্রবিরোধী শক্তির কবলে পড়বে তা এই ভোটের মাধ্যমেই নিশ্চিত হবে। 

আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন আমরা দীর্ঘ সময় ধরে ভোটের জন্য উন্মুখ হয়ে আছি এবং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক যেখানে জনগণের সঠিক প্রতিফলন ঘটবে। 

তিনি আরও বলেন আমরা জনগণের রায় মেনে নেব। যদি জনগণ আমাদের গ্রহণ করে তবে আমরা সরকার গঠন করব আর যদি তা না হয় তবে আমরা বিরোধী দলে থাকব। আগে থেকেই বড় বড় কথা বা গলাবাজি করার কোনো প্রয়োজন নেই। কারণ এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় বরং এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক ধারা বজায় রাখার লড়াই। তিনি বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন রাজনীতি করতে হলে সরাসরি এবং স্বচ্ছ পথে করা উচিত। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন ধরণের কথা বলে মানুষকে ভুল পথে নেওয়া অনুচিত বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি পাকিস্তান আমল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের যে ভূমিকা ছিল তা ইতিহাসের পাতায় স্পষ্ট বলে উল্লেখ করেন। 

নির্বাচন নিয়ে যারা হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন ভেতরে ভেতরে খবর নিলে দেখা যাবে তাদের সাধারণ জনগণের মাঝে তিন শতাংশ ভোট পাওয়ারও ক্ষমতা নেই।রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মির্জা ফখরুল বলেন বিএনপিই প্রথম ২০১৬ সালে ভিশন-২০৩০ এবং পরবর্তীতে ৩১ দফার মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সংস্কার মূলত বিএনপির ‘ব্রেইন চাইল্ড’ এবং দেশের বৃহত্তর স্বার্থে তারা অনেক বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। 

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির ৩১ দফা এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। ধানের শীষকে বিজয়ী করাই হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। সভায় আরও বক্তব্য দেন মির্জা আব্বাস, ড. মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জিয়াউর রহমানের জীবন ও আদর্শের ওপর গুরুত্বারোপ করেন।