জানুয়ারি ২১, ২০২৬, ১০:১০ এএম
রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে দেওয়া ওই পোস্টে তিনি সংশ্লিষ্ট সকলকে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, “ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।
আশা করতে চাই, শুভ বুদ্ধির উদয় হবে।” উল্লেখ্য যে, ডা. শফিকুর রহমান নিজেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)।
এর আগে মঙ্গলবার বিকেলে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগের ৬০ ফুট এলাকার আল মোবারক মসজিদের সামনে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জামায়াতের কয়েকজন নারী কর্মী পীরেরবাগের একটি বাসায় প্রচার চালাতে গেলে বিএনপি কর্মীরা তাঁদের আটকে রাখে।
খবর পেয়ে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা উদ্ধার করতে গেলে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শৃঙ্খলা ফিরিয়ে আনেন। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা।
তার আগেই এমন সংঘর্ষ এবং জামায়াত আমিরের মধ্যরাতের সতর্কবার্তা ঢাকার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে, জোটবদ্ধ না হয়ে দুই প্রধান দল আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ায় মাঠ পর্যায়ে এমন সংঘাত আরও বাড়তে পারে কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন