জানুয়ারি ২২, ২০২৬, ০৩:০৬ পিএম
রাজধানীর ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এই জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামায়াতের এই বিশাল শোডাউন মিরপুর ও কাফরুল এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে `দাঁড়িপাল্লা` প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে সমবেত হন।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই নির্বাচনী স্লোগানকে সামনে রেখে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। মঞ্চে তার সাথে ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা এবং জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বক্তারা একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। মিরপুরের এই জনসভাস্থল ছাড়িয়ে জনস্রোত পাশের রাস্তাগুলোতেও ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীকের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।এই সমাবেশের মাধ্যমেই জামায়াত আমির তার একটানা চার দিনের নির্বাচনী সফর শুরু করলেন।
সূচি অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে তিনি উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাবেন, যার শুরু হবে পঞ্চগড় জেলা থেকে। এরপর ২৪ জানুয়ারি রংপুর ও বগুড়াসহ বিভিন্ন জেলায় পথসভা ও জনসভায় অংশ নেবেন। আগামী ২৫ জানুয়ারি পুনরায় ঢাকায় ফিরে তিনি ঢাকা-৫, ৬ ও ৭ আসনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জামায়াতের এই সরব উপস্থিতি ঢাকা-১৫ আসনের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন