সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন জামায়াত আমির, ব্যাপক প্রস্তুতি ‎

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৩:১৮ পিএম

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন জামায়াত আমির, ব্যাপক প্রস্তুতি ‎

আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর এই আগমনকে ঘিরে দিনাজপুরে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতারা এই জনসভায় ৫ থেকে ৬ লাখ লোকের বিশাল সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন। 

দলীয় সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চল সফরের প্রথম ধাপ হিসেবে তিনি দিনাজপুরকে বেছে নিয়েছেন এবং আজকের (বৃহস্পতিবার) মধ্যেই জনসভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে।

দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানের দক্ষিণ অংশে বর্তমানে বিশাল মঞ্চ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আজ সন্ধ্যার মধ্যেই মঞ্চ নির্মাণ ও প্যান্ডেলসহ সকল কারিগরি কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ। 

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান জানান, আগামীকাল দুপুর ২টায় এই জনসভা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি দিনাজপুরের ইতিহাসের অন্যতম বৃহৎ নির্বাচনী জনসভা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। জনসভায় জামায়াতের নিজস্ব নেতাকর্মী ছাড়াও জোটের শরিক দলগুলোর বিপুল সংখ্যক সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।জনসভাকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি জামায়াতের নিজস্ব কয়েক হাজার স্বেচ্ছাসেবক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়োজিত থাকবেন যাতে শৃঙ্খলা বজায় থাকে। 

জনসভায় দিনাজপুরের পাঁচটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ৫ নম্বর আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী উপস্থিত থেকে ভোটারদের সাথে পরিচিত হবেন। ডা. শফিকুর রহমান এই জনসভা থেকে তার দলের নির্বাচনী ইশতেহার ও দেশের ভবিষ্যৎ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান আজ থেকে চার দিনের দেশব্যাপী নির্বাচনী সফর শুরু করেছেন। দিনাজপুরের জনসভা শেষে বিকেলে তিনি ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। পরদিন ২৪ জানুয়ারি সকালে তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় অংশ নেবেন। জামায়াত আমিরের এই ঝটিকা সফর উত্তরাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।