রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর ও জনসভাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে জেলা বিএনপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
তিনি বলেন, “আগামী ২৩ জানুয়ারি ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আগমন ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জনসভার মাধ্যমে আগামীর সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার নতুন বার্তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ তুলে বেলাল উদ্দিন প্রধান বলেন, বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করেছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছি এবং ইতোমধ্যেই একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা আশা করি প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন, পৌর আমীর অধ্যক্ষ সামসুজ্জামান শামীম এবং সদর আমীর মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।